স্মৃতিতে এখনও ভাসে শিশুবেলার তারাভরা রাত—খোলা ছাদে মেলে ধরা মহাজাগতিক সেই উৎসব। কিন্তু সময়ের সাথে সাথে আলোকদূষণের ঘন পর্দা যেন ঢেকে দিয়েছে নক্ষত্রখচিত সেই নীলিমা। শহুরে আকাশ আজ প্রায় নিষ্প্রভ; মিল্কিওয়ে বা রাশিচক্রের দেখা মেলা এখন বিরল ঘটনা। তবু বিশ্বের কিছু নির্জন প্রান্তরে আজও অক্ষুন্ন আছে রাতের এই মহাজাগতিক সৌন্দর্য। বিবিসি ট্রাভেল জানিয়েছে এমনই কয়েকটি স্থানের কথা, যেগুলোর অবিশ্বাস্য দৃশ্য ধরা পড়েছে মহাকাশ বিজ্ঞানী ও ফটোগ্রাফার জর্ডি বুসের ক্যামেরায়।
বিশ্বের অন্যতম শুষ্ক ও উঁচু অঞ্চল আতাকামা মরুভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উঁচু এ মরুভূমি পরিষ্কার ও শুকনো আবহাওয়ার কারণে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে স্বর্গসম। আকাশগঙ্গার কেন্দ্র দেখার জন্য এটি বিশ্বের সেরা জায়গাগুলোর একটি। এখানে রাতের আকাশে মেঘ থাকে না, যা তারাভরা আকাশের ছবি তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বলিভিয়ার উঁচু সমভূমি ও লবণাক্ত মরুভূমি
বলিভিয়ার অ্যান্দিজ পার্বত্য মালভূমি আর বিস্তীর্ণ লবণের মরুভূমি উয়ুনি সল্ট ফ্ল্যাটস দূরদিগন্তজোড়া আকাশ উপহার দেয়। সমতল ভূমির কারণে আকাশকে একটানা ও অবিচ্ছিন্নভাবে দেখা যায়।
আর্জেন্টিনার তিয়েরা দেল ফুয়েগো

দক্ষিণ আমেরিকার একেবারে প্রান্তে অবস্থিত তিয়েরা দেল ফুয়েগোতে জোয়ারের পানিতে তারাভরা আকাশের প্রতিফলন ধরা দেয়। এই দ্বীপাঞ্চল দূরবর্তী হওয়ায় এখানকার আকাশ বিশেষভাবে অন্ধকার থাকে।
সাহারা মরুভূমির ওএসিস

বিশাল সাহারার নির্জন ওএসিসগুলোতে রাতের আকাশে তারা যেন হাত বাড়ালেই ধরা যায়। জনবসতি ও আলো না থাকায় মরুভূমির আকাশ থাকে ঝলমলে।
মরক্কোর আটলান্টিক উপকূল

মরক্কোর সমুদ্রতটে রয়েছে পৃথিবীর অন্যতম অন্ধকার আকাশ। কৃত্রিম আলো না থাকায় শুধু তারাই নয়, সামুদ্রিক কচ্ছপের মতো প্রাণীর জীবনচক্রও অক্ষুণ্ণ থাকে এখানে।
পিরেনিস পর্বতমালা, ইউরোপ

ইউরোপের জনবহুল অঞ্চলগুলোতে তারা দেখা দুষ্কর হলেও পিরেনিস পর্বতমালা এখনও অন্ধকার আকাশ ধরে রেখেছে। পাহাড়ি গ্রামগুলো জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।
হুমকির মুখে রাতের আকাশ

বিশেষজ্ঞদের মতে, শহর ও শিল্পাঞ্চলের অযাচিত আলোকসজ্জা পৃথিবীর রাতের আকাশকে ক্রমে গ্রাস করছে। ফলে শুধু জ্যোতির্বিজ্ঞান নয়, প্রাণবৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় সচেতনভাবে আলোর ব্যবহার ও অন্ধকার আকাশ সংরক্ষণকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।




0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন